চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ শিলাবৃষ্টি: আম বাগানসহ কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

WhatsApp Image 2026-04-07 at 20.57.38
WhatsApp Image 2026-04-07 at 20.57.38

মুক্তমন রিপোর্ট : দেশের “আমের রাজধানী” খ্যাত চাঁপাইনবাবগঞ্জ-এ আকস্মিক ও ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে শুরু হওয়া টানা প্রায় ৪৫ মিনিটের শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চল।

জানা গেছে, শিলাবৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে আকাশ থেকে যেন পাথর ঝরতে থাকে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রধান অর্থকরী ফসল আম। গাছ থেকে ঝরে পড়েছে গুটি ও কচি আম, অনেক আম ফেটে নষ্ট হয়ে গেছে। কয়েক হাজার হেক্টর আম বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া ধানসহ অন্যান্য মৌসুমি ফসলের ক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের মাঠজুড়ে যেন ঝড় বয়ে গেছে এমন চিত্র দেখা গেছে বিভিন্ন এলাকায়।

শুধু কৃষিখাত নয়, শিলাবৃষ্টির আঘাতে অনেক কাঁচা ঘরবাড়ি ও টিনের চাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে শিলার আঘাতে বাড়িঘরের ছাউনি ফুটো হয়ে গেছে।

স্থানীয়রা জানান, শিলাবৃষ্টির পর চারপাশ বরফের চাদরের মতো সাদা হয়ে যায়। হঠাৎ এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও আম চাষিরা। চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এই ক্ষতি পুষিয়ে উঠতে তাদের দীর্ঘ সময় লাগবে। দ্রুত সরকারি সহায়তা না পেলে তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করছেন।

এদিকে, স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে বলে জানা গেছে।