অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীর আগেই হাজিরা, ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী

অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীর আগেই হাজিরা, ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী

মুক্তমন রিপোর্টার : অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং তাদের মধ্যে কয়েকজনের আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ পরিস্থিতি দেখতে পান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি অফিসগুলোর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি জনগণকে দেওয়া সেবার মান, নথিপত্র সংরক্ষণ এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা আগে থেকেই দেওয়া ছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়। তাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ববোধ বাড়ানো জরুরি। শুধু অনিয়মের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়, সরকারি সেবার ক্ষেত্রে কর্মকর্তাদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

পরিদর্শনের সময় ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। প্রতিমন্ত্রী জানান, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পরিদর্শনকালে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।