ফেনীতে দুই মসলা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকা জরিমানা

IMG-20260524-WA0034
IMG-20260524-WA0034

প্রতিনিধি, ফেনী: ফেনী পৌরসভার ইসলামপুর রোডের আবু বকর সড়ক এলাকায় দুইটি মসলা ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
রোববার (২৪ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
অভিযানকালে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী “ফরিদ মিল” নামের একটি খাদ্য ও মসলা প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া “হায়দার মিয়ার মিল” নামের আরেকটি মসলা ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, ফেনী সদর স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং র‌্যাবের একটি টিম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।