ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

feni nirapod khaddo
feni nirapod khaddo

বিশেষ প্রতিনিধি:ফেনী শহরের রেলগেট বাজার ও মিজান রোড এলাকায় আজ ০৭ মার্চ (শনিবার) এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ইফতার সামগ্রী খোলা অবস্থায় রাখা, বেগুনি তৈরির জন্য রাখা বেগুনে পোকার উপস্থিতি এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক জনাব আছাদুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ শামসুল আরেফিন। জেলা আনসারের একটি চৌকস টিম ও অফিসের স্টাফরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নিরাপদ খাদ্য অফিসার জানান, দণ্ড প্রদানের পাশাপাশি নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সঠিক পদ্ধতিতে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।