মধুপুরে শিল্প ও বণিক সমিতির সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

WhatsApp Image 2026-05-15 at 19.55.42
WhatsApp Image 2026-05-15 at 19.55.42

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু তালুকদারের বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে মধুপুর পৌরশহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন প্রয়াত সাবেক মেয়র সরকার শহিদুল ইসলামের স্ত্রী লিলি সরকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মরহুম সরকার শহিদের ছেলে আহাদুল ইসলাম আদিত্য সরকার।

লিলি সরকার অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর থেকেই একটি প্রভাবশালী মহল তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তারা জাল কাগজপত্র তৈরি করে মধুপুর পৌরশহরের বাসাবাড়ি মার্কেট এলাকার জমি দখলের পাঁয়তারা করছে।

তিনি বলেন, সরকার শহিদের বড় ভাই প্রয়াত নুরুল ইসলাম রাজের স্ত্রী খোদেজা রাজ বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির কাছে জমি বিক্রি করেন। এর মধ্যে মধুপুর শিল্প ও বণিক সমিতিও ৮ শতাংশ জমি ক্রয় করে। তবে ফারায়েজ অনুযায়ী বণিক সমিতি সর্বোচ্চ ৪ দশমিক ৬৬ শতাংশ জমি পাওয়ার কথা হলেও পুরো ৮ শতাংশ জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

লিলি সরকার আরও বলেন, জায়গা ভোগকারীদের সুবিধার্থে তাদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গাও দখলের চেষ্টা করা হচ্ছে। গত ১৪ মে সকালে তাদের জমিতে প্রাচীর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় মিনজুর রহমান নান্নু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার ছেলে আদিত্য সরকারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিলে ৮ শতাংশের মধ্যে ৩ শতাংশ বাদ রেখে ভবন নির্মাণ করা হবে বলে জানানো হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে দলবল নিয়ে জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু বলেন, “আমরা বৈধভাবে জমি কিনে ভূমি অফিসের মাধ্যমে খারিজ করে ভোগদখলে নিয়েছি। নির্মাণকাজ শুরু করলে লিলি সরকার ও আদিত্য সরকার বাধা দিচ্ছেন। তারা আমাদের কেনা জায়গা বেদখলের চেষ্টা করছেন।”