যশোরের শার্শায় জিয়া খাল পরিদর্শন, পুনঃখননের ঘোষণা প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

WhatsApp Image 2026-04-17 at 21.24.57
WhatsApp Image 2026-04-17 at 21.24.57

মুক্তমন রিপোর্ট : যশোরের শার্শা উপজেলা-এর উলাশী ইউনিয়নের জিয়া খাল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি সরেজমিনে খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে মৎস্য চাষ, হাঁস পালনসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম গড়ে তুলে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি বলেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশন সহজ হবে। এতে প্রায় ৯৯ একর জমির ফসল জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং প্রায় ১৮ হাজার ৫০০ কৃষক সরাসরি উপকৃত হবেন।

এছাড়া প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ১,৪০০ মেট্রিক টন ফসল রক্ষা পাবে এবং শুষ্ক মৌসুমে প্রায় ১,৭৩০ একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। খালের দুই পাড়ে প্রায় ২,৫০০টি গাছ রোপণ করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।

প্রকল্পের আওতায় প্রায় ১০০ জন শ্রমিকের ৬০ দিনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রায় ৭২ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।