শেখ পরশ-নাহিদের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

আদালতের আদেশে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আওতায় শেখ ফজলে শামস পরশ
আদালতের আদেশে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আওতায় শেখ ফজলে শামস পরশ

মুক্তমন প্রতিবেদক : মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবর রহমান আদালতে পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ পরশ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।