সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

savar sub register
savar sub register

মুক্তমন রিপোর্ট : সাভার-এ সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের তদন্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে “সাভারবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও জাকির হোসেন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার বিরুদ্ধে জাল দলিল তৈরি, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের মাধ্যমে জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে এসব অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এতে অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাকির হোসেনকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।