১০ মার্চ ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

617647040_1193651516211184_5098927287685545277_n
617647040_1193651516211184_5098927287685545277_n

মুক্তমন রিপোর্ট :আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে গঠিত কমিটির সভা আজ মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এর আগে একই দিনে সচিবালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় নিউমুরিং কন্টেনার টার্মিনাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।