১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ

IMG-20260205-WA0042-600×337
IMG-20260205-WA0042-600×337

মুক্তমন রিপোর্ট :ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় সংলগ্ন মেসার্স জান্নাত ফার্নিচারের সামনে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।

চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দুই মাদককারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. ভুট্টো মিয়া (৫০), থানা-পলাশবাড়ী এবং মো. আরিফুল আহাদ (৪২), থানা-গাইবান্ধা সদর; উভয়ের বাড়ি গাইবান্ধা জেলায়।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মোটরসাইকেলে অবৈধ মাদক বহনের কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মোটরসাইকেলের বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে ৩টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার টাকা।

র‍্যাব-১৪ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ময়মনসিংহের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।