জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন-এর সঙ্গে জাতিসংঘের ওয়ার্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, সরকার গঠনের ২১ দিনের মধ্যেই পাইলট প্রকল্প হিসেবে ৩৭ হাজার ৮১৪টি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে, যা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ডাটাবেইজভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী ডব্লিউএফপি’র দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে বলেন, খাদ্য সহায়তা, পুষ্টি উন্নয়ন এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দরিদ্র মায়েদের পুষ্টি সহায়তা, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভবিষ্যতে যৌথ উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর Simone Parchment বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারী ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, এ সাক্ষাৎ ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button