জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না—কঠোর হুঁশিয়ারি এস এম জাহাঙ্গীরের


মুক্তমন রিপোর্ট :দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মীদের শেষ পর্যন্ত সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার তুরাগ থানার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এস এম জাহাঙ্গীর হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটকেন্দ্র থেকে ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন। তিনি জানান, তুরাগ থানার আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডের মানুষ আজ ঐক্যবদ্ধ, আর সেই ঐক্যের শক্তিতেই ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে যারা অন্যায় ও অবিচারের শিকার হয়েছেন, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়েই সেই অন্যায়ের জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ১৩ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করা প্রতিটি নেতাকর্মীর শ্রম ও ঘামের যথাযথ মূল্যায়ন করা হবে।
জুলাই-আগস্টে নিহত শহীদদের আত্মার স্মরণে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, বেহেস্তের টিকিটসহ নানা প্রলোভনে যেন কোনো ভোটার অপশক্তির ফাঁদে পা না দেন—সেজন্য নেতাকর্মীদের সজাগ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং অতীতের মতো ইসলামিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি স্থানীয় গ্যাস, বিদ্যুৎ ও মাদক সমস্যার সমাধান এবং কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।
নিজেরা অন্যায় না করার এবং অন্যায় দেখলে তা প্রতিহত করার অঙ্গীকার করে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়—সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। শেষে তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে।



