প্রধানমন্ত্রীর হাতে বিএনপি সরকারের ৮ ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি বিষয়ক বুকলেট হস্তান্তর


মুক্তমন ডেস্ক: তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুত ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি ও অর্জন তুলে ধরে একটি বিশেষ বুকলেট প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বুকলেট হস্তান্তর করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার।
বুকলেটটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর তত্ত্বাবধানে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক।
এতে দলের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রম।
বুকলেটটি শুধু প্রধানমন্ত্রীর কাছেই নয়, নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যেও বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে তারা চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়তা পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিএনপি নেতারা মনে করছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ ও কার্যক্রমের স্বচ্ছ উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখে এই বুকলেট নিয়মিতভাবে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তাদের মতে, এই উদ্যোগ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আস্থা বাড়াবে এবং জবাবদিহিতামূলক প্রশাসন গঠনে সহায়ক ভূমিকা রাখবে।



