সারাদেশ

৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধেও খুঁটি অপসারণে ধীরগতি, সুনামগঞ্জে থমকে চার লেন সড়ক কাজ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা শহরের বহুল প্রতীক্ষিত চার লেন সড়ক প্রশস্তকরণ প্রকল্প বিদ্যুৎ খুঁটি অপসারণে ধীরগতির কারণে স্থবির হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে থাকা শত শত বৈদ্যুতিক খুঁটির কারণে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণকাজ এগোচ্ছে না, ফলে বাড়ছে জনদুর্ভোগ।

সরেজমিনে দেখা যায়, শহরের হাসন তোরণ থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এলাকায় চার লেন প্রকল্পের কাজ চললেও ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের খুঁটিগুলো এখনো সড়কের মাঝখানেই রয়ে গেছে। এতে মূল নির্মাণকাজ ও কার্পেটিং শুরু করা সম্ভব হচ্ছে না।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, খুঁটি অপসারণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-কে প্রায় ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তবে কাজের ধীরগতির কারণে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।

সুনামগঞ্জ সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল হামিদ বলেন, “খুঁটি অপসারণে বিলম্বের কারণে নির্ধারিত সময় অনুযায়ী কাজ এগোচ্ছে না। আমরা বারবার তাগিদ দিলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।”

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইট ইঞ্জিনিয়ার ওমর ফারুক জানান, মাটি ও পানির সমস্যার কারণে কাজের গতি কম ছিল। তবে বর্তমানে বালু ভরাট সম্পন্ন হওয়ায় দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী দুই মাসের মধ্যে খুঁটি অপসারণ শেষ করার আশা করা হচ্ছে।

এ বিষয়ে পিডিবির প্রকৌশলী রাসেল আহমেদ বলেন, প্রকল্পের ৫৩ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিটি খুঁটি অপসারণে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়, যা জনভোগান্তি কমাতে সমন্বয় করে করতে হচ্ছে।

এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সমন্বয়হীনতার কারণে উন্নয়ন কাজ বিলম্বিত হচ্ছে এবং প্রতিদিন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সুনামগঞ্জবাসীর দাবি, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমন্বয়ের মাধ্যমে বর্ষার আগেই চার লেন সড়কটি চলাচলের উপযোগী করে তুলুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button