মুক্তমন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকার থেকে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে মো. মাসুম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার ছোটার বন্দর এলাকার ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-গ-২৩-১৬১৪ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে গাড়িতে থাকা মাসুম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা স্কাফ সিরাপ ও প্রাইভেটকারটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক পরিবহনের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতা ও এর পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।