নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন
নোয়াখালীর সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন

গিয়াস রনি : নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, গত সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত রবিউল হোসেন একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর বাবার অভিযোগ, তাঁর মেয়ে একসময় মাদ্রাসায় পড়াশোনা করত। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। একই বাড়ির রবিউল দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল।

তিনি জানান, ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় তাঁর মেয়ে। পরে বাথরুম থেকে ঘরে ফেরার সময় রবিউল তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর বাবা আরও জানান, ওই দিন বাজার থেকে বাড়ি ফেরার পর মেয়ের আচরণে সন্দেহ হলে তিনি বিষয়টি জানতে চান। তখন কিশোরী তাঁকে ধর্ষণের কথা জানায়। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তবে তাঁর অভিযোগ, অভিযুক্তের পরিবারের সদস্যরা ঘটনা অস্বীকার করেন এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

অভিযোগের বিষয়ে জানতে রবিউল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাঁর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। কিশোরীকে চিকিৎসা পরীক্ষা করানোর জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী প্রতিনিধি

Muktomon/TA