মুক্তমন রিপোর্ট : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ)। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
পরে গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ১৭ আগস্ট মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারা সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে তমাল সরকারকে জিজ্ঞাসাবাদ করা হবে। হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে তার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হবে।