সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল
সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল

মুক্তমন রিপোর্ট : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে ব্যক্তিগত জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার উদ্দেশ্যে সায়মা ওয়াজেদ সংস্থাটিতে জমা দেওয়া ব্যক্তিগত জীবনবৃত্তান্তে সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘সম্মানিত বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করার তথ্য দেন। দুদকের দাবি, ওই তথ্য ছিল মিথ্যা ও বানোয়াট।

তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য ওই তথ্য ব্যবহার করেন।

দুদকের প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট নথি পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। পরে জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে জীবনবৃত্তান্তটি ডব্লিউএইচওর সদর দপ্তরে পাঠানো হয়। ওই তথ্যের ভিত্তিতেই তিনি সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্তে এসব কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সুনাম ক্ষুণ্ন করা এবং অপরাধমূলক অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত বছরের ২০ মার্চ দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৯ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

দুদক জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। তবে চার্জশিট দাখিল হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়, মামলার বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

Muktomon/TA