মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ১

মিরপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক ও কিশোর উদ্ধার
মিরপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক ও কিশোর উদ্ধার

মুক্তমন রিপোর্ট : রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক তরুণকে আটক করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। পুলিশের দাবি, তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।

তবে ঘটনাস্থল থেকে আরও তিনজন পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেল পিলার নম্বর ২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়।

পুলিশ সদস্য অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান। পরে দ্রুত অটোরিকশার কাছে গিয়ে মোহাম্মদ রাব্বিকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক রাব্বিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।