কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে সংশোধনাগারে

অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করার দৃশ্য
অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করার দৃশ্য

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম।

তিনি জানান, রোববার রাতে চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী বয়স কম হওয়ায় মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)কে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। অপর দুই আসামি সাইফুল ইসলাম তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকবেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, পুলিশ হত্যা মামলায় চার আসামিকে কারাগারে হস্তান্তর করেছে। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হয় স্কুলছাত্র অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতিম আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম তুহিনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।

পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলি আদালতে হাজির করে।

পুলিশ জানিয়েছে, আদালতে সিয়াম ছাড়া বাকি তিন আসামি হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Muktomon/TA