মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আনিসুর রহমানকে (৫৬) গ্রেপ্তার করেছে র্যাব-১।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১-এর রোড নম্বর-১০/এ, বাড়ি নম্বর-২১-এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১-এর সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তার আনিসুর রহমান কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ‘বিশ্বাস ট্রেডার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলমান ছিল। এ সময়ে আকর্ষণীয় অফারের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন সাধারণ গ্রাহকের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পরবর্তীতে নির্ধারিত সময়ে গ্রাহকদের পণ্য সরবরাহ না করায় ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। টাকা বা পণ্য ফেরত না পেয়ে তারা আদালতে প্রতারণার মামলা করেন। এসব মামলায় আদালতে হাজির না হওয়ায় আনিসুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
র্যাবের তথ্যমতে, তার বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৮ বছর ৫ মাসের সাজা এবং ৮২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমারখালী থানা পুলিশের কাছ থেকে প্রাপ্ত অধিযাচনের ভিত্তিতে র্যাব-১-এর সিপিসি-১-এর একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আনিসুর রহমানকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।