মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের সম্ভাব্য আস্তানা ও সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়েছে জেলা পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশের পাশাপাশি র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযানে সম্ভাব্য অপরাধীদের আস্তানা, সন্দেহজনক বিভিন্ন স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়। জঙ্গল সলিমপুরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, সম্ভাব্য আস্তানা শনাক্ত এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই অভিযানের মূল উদ্দেশ্য ছিল।
অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের অপরাধীদের আশ্রয় বা সহযোগিতা না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।