উখিয়া সীমান্তে ৬০০ কেজি সার ও সয়াবিন তেল উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার পণ্য
কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার পণ্য

মুক্তমন রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া এলাকায় বালুখালী খালের পাড়ে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া-বালুখালী খালসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এক ব্যক্তিকে মালামাল নিয়ে বালুখালী খালের দিকে যেতে দেখা যায়।

বিজিবির দাবি, ওই ব্যক্তি মালামাল পানিতে ভাসিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা করছিলেন। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার হাজীপাড়ার বাসিন্দা।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সার, তেলসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণ ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।