বীরগঞ্জে জুয়া খেলার অভিযোগে দুইজনের জরিমানা ও কারাদণ্ড

বীরগঞ্জে জুয়া খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম
বীরগঞ্জে জুয়া খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশের একটি দল ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাকার একটি আখ ক্ষেতে অভিযান চালায়। এসআই দিপু কুমার, শিবু ও দীননাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেখানে চলমান জুয়ার আসর থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন এবং একই গ্রামের মৃত সেলিমের ছেলে মনজুরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরে আটক দুইজনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত আব্দুল মতিনকে ৬ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড এবং মনজুরুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি 

Muktomon/TA