এসআই আলতাব হত্যা মামলায় ৮ আসামি রিমান্ডে

আমিনবাজারে এসআই আলতাব হত্যা মামলার আসামিদের রিমান্ড শুনানি
আমিনবাজারে এসআই আলতাব হত্যা মামলার আসামিদের রিমান্ড শুনানি

মুক্তমন রিপোর্টার : সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও আট আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এজাহারভুক্ত ছয় আসামিকে পাঁচ দিন এবং অজ্ঞাতনামা হিসেবে গ্রেপ্তার দুই আসামিকে তিন দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া এজাহারভুক্ত আসামিরা হলেন—আলাউদ্দিন, আপন, জিহাদ, ইমরান, নূর মোহাম্মদ রুদ্র ও রাব্বি। আর অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার বিল্লাল ও দেলোয়ারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান মঙ্গলবার আট আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এজাহারভুক্ত ছয় আসামির পাঁচ দিন এবং অপর দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত শুনানি শেষে পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী পশ্চিমপাড়া এলাকায় ‘এড্রইট ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার সামনে এসআই আলতাব হোসেনের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী।

হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এসআই আলতাব হোসেন সপরিবারে ওই এলাকায় বসবাস করতেন।

ঘটনার পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার তদন্তে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।