পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস-চামড়াসহ আটক ১

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হরিণের মাংস, চামড়া ও মাথা
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হরিণের মাংস, চামড়া ও মাথা

মুক্তমন রিপোর্ট : বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। পাশাপাশি অবৈধ মাংস ব্যবসার সঙ্গে জড়িত একজনকে আটক এবং চোরাচালানে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।