এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। এ সময় একটি বাসও জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বাসচালক সোহেল রানা (৪০), সুপারভাইজার সাজু (২৮) এবং হেলপার মনির (১৮)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)।

মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে তদন্তের অংশ হিসেবে শনিবার পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়। মহাখালী থেকে সোহেল রানাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী একটি বাস জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইসমাইলের মুখে স্কচটেপ লাগানো ছিল। তার পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট।

নিহত ইসমাইল হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। তিনি গাজীপুরের কাশিমপুরের করলাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঘটনার সঙ্গে গ্রেফতার তিনজনের সম্পৃক্ততা এবং মরদেহটি কীভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পৌঁছেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।