সারাদেশ

যমুনার ভাঙন রোধে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা পানিসম্পদমন্ত্রীর

মুক্তমন রিপোর্ট : মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে এবং যমুনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন।

শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলা এর কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী। এসময় স্থানীয় সংসদ সদস্য ও সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

পরে নদীতীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙনকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং জনগণের স্বার্থে আগামী অর্থবছর থেকেই যমুনা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে।

তিনি বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতিবছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের যমুনা নদীভাঙনকবলিত এলাকাগুলো সুরক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী অর্থবছরেই এর কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমরা যা বলি, তাই করি। নির্বাচনের আগে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার তা বাস্তবায়নে কাজ করছে।”

এসময় উপস্থিত ছিলেন শরীফা হক, মোহাম্মদ শামসুল আলম সরকার এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button