ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প: মৃত বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি


আন্তর্জাতিক ডেস্ক পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। একই সঙ্গে ৫০ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং হতাহতের প্রকৃত চিত্র পেতে আরও সময় লাগবে।
দেশটির রাজধানী কারাকাস এবং উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী, অন্তত ২০০ জনের বেশি মানুষ জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন।
তবে ভারী উদ্ধার সরঞ্জামের সংকট এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এতে নিখোঁজদের স্বজনদের মধ্যে উদ্বেগ, হতাশা ও ক্ষোভ বাড়ছে। অনেক এলাকায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা জোরদার করা হয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে স্পেন, এল সালভাদর, সুইজারল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকোসহ অন্তত ১৭টি দেশের বিশেষায়িত উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় কাজ করছে। যুক্তরাষ্ট্রও আর্থিক সহায়তা, উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ২০ দশমিক ৩ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয়টির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। পরবর্তীতে আরও কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।
ভূতাত্ত্বিকদের মতে, ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ধ্বংসস্তূপের ব্যাপকতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।



