দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদুম বাঁশ’ চারা রোপণ করলেন পুলিশ সুপার


দিনাজপুর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদুম বাঁশ’-এর চারা রোপণ করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
বুধবার (২৪ জুন) আয়োজিত এ কর্মসূচিতে তিনি নিজ হাতে বাঁশের চারা রোপণ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বাঁশ পরিবেশবান্ধব ও দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ। এটি মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি অর্থনৈতিকভাবেও বাঁশ অত্যন্ত মূল্যবান এবং বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে এর ব্যাপক চাহিদা রয়েছে।
চারা রোপণ শেষে পুলিশ সুপার দিনাজপুর পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় পূর্বে রোপণ করা গাছপালা ও বৃক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি গাছগুলোর বৃদ্ধি, পরিচর্যা ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে বৃক্ষগুলোর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার নির্দেশনা দেন।
পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



