বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ


দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, বাসস্থান ও মানবিক উন্নয়নে সরকারি সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৩০টি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। বক্তারা এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



