ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলামের পক্ষে ব্যানার ছেঁড়ার অভিযোগ, নিন্দা ১১ দলীয় জোটের


মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আরিফুল ইসলামের পক্ষে জনসমর্থনের গণজোয়ারে ভীত হয়ে পরিকল্পিতভাবে ব্যানার ছেঁড়া ও বিকৃত করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, একের পর এক আরিফুল ইসলামের প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্নভাবে তা বিকৃত করা হচ্ছে।
১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকেই তারা নির্বাচন কমিশনের সব আইন ও বিধি কঠোরভাবে মেনে প্রচারণা চালিয়ে আসছেন। তবে গত কয়েকদিন ধরে ঢাকা-১৮ আসনের খিলক্ষেত, দক্ষিণখান, কাওলাসহ বিভিন্ন এলাকায় এ ধরনের নোংরামি ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
জোট নেতারা বলেন, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও ভোটের পরিবেশের জন্য অশনিসংকেত। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সঙ্গে ১১ দলীয় জোটের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, ঢাকা-১৮ আসনের জনগণ এসব অপকর্মের উপযুক্ত জবাব দেবে, ইনশাআল্লাহ। জনগণের সমর্থন ও সচেতন অংশগ্রহণের মধ্য দিয়েই এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



