কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই ও খাবার বিতরণ


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় কোমলমতি ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “জিরো স্পেস ডাস্ট”।
শনিবার (২৩ মে) বিকেল ৪টায় উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় বই ও খাবার বিতরণ কর্মসূচি। এ সময় সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খাবার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ড. মায়ামি, প্রকৌশলী ও লেখক স্যারন, রেজাউর রহমান, সাকিবুল হাসান, ইব্রাহিম হাসান এবং সুমন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী ও সাধারণ সম্পাদক এলেন।
আয়োজকরা জানান, কেবল বই বিতরণ নয়, শিশুদের মধ্যে শিক্ষা, মানবিকতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও হাসিমাখা মুখ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



