নারী নিরাপত্তায় অ্যাপসের মাধ্যমে ওয়ানস্টপ সেবা চালুর প্রতিশ্রুতি দিলেন জাহাঙ্গীর হোসেন


মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ডিজিটাল ওয়ানস্টপ সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই অ্যাপস ব্যবহার করা হবে, যার মাধ্যমে সহজে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
মঙ্গলবার উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে নারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো হবে দলের অগ্রাধিকার।
নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর হোসেন বলেন, কর্মক্ষেত্রে নারীদের যথাযথ মূল্যায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের যেকোনো সমস্যা, পরামর্শ বা অভিযোগ জানাতে একটি হটলাইন চালু করা হবে, যেখানে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে।
তিনি জানান, আজকের মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও নিয়মিত সভা অনুষ্ঠিত হবে, যাতে জনগণের সমস্যা সরাসরি জানা যায় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া যায়। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে নিরাপদ ও সহাবস্থানমূলক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত এলাকাবাসী বিভিন্ন সড়ক ও রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে অভিযোগ তুলে দ্রুত সংস্কার ও উন্নয়ন কাজের আশ্বাস পান। মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী, নারী প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



