

মুক্তমন রিপোর্ট : ডিএনসির মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোমস্তাপুর থানাধীন বোগলা কাঁঠাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— গোমস্তাপুর থানার বাসিন্দা সাদেকুল ইসলাম ফিটুর স্ত্রী মোসা: সুলেখা বেগম (৪১), সাদেকুল ইসলাম ফিটু (৩৫) এবং সুলতান বাস্ফোরের ছেলে শ্রী সোহেল বাস্ফোর (৩৬)। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে পৃথকভাবে ২০০ গ্রাম, ৫০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে প্রথম আসামি মোসা: সুলেখা বেগমকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১ (এক) মাস ২৫ (পঁচিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ (পাঁচশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্রে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



