অধিকার ও বাকস্বাধীনতার বাংলাদেশ গড়ার প্রত্যয় মন্ত্রীর


মুক্তমন রিপোর্ট : আগামীর বাংলাদেশ হবে অধিকার ও বাকস্বাধীনতার দেশ—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই আগামীর বাংলাদেশ হবে সুন্দর, অধিকার ও বাকস্বাধীনতার দেশ।
মন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত। মানুষ যত সম্পদই অর্জন করুক না কেন, ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য। খাদ্য উৎপাদন, মৎস্য, মাংস ও ডিম উৎপাদনের দায়িত্ব জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।
কুমিল্লার ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আধুনিক সেচব্যবস্থাভিত্তিক কৃষি উৎপাদনের সূচনা কুমিল্লা থেকেই, যার পথিকৃৎ ছিলেন আখতার হামিদ খান। তাঁর সমবায়ভিত্তিক সেচ ও কৃষি উন্নয়ন কার্যক্রম পরবর্তীতে সারা দেশের জন্য অনুসরণীয় মডেলে পরিণত হয়। সেই ঐতিহ্যকে সামনে রেখে কৃষি ও খাদ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনিই স্থাপন করেছিলেন এবং বর্তমানে জেলায় শিল্পায়নের বিস্তার ঘটেছে। এই অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুমিল্লার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিনের গণদাবি—কুমিল্লাকে বিভাগ ঘোষণা—বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালনের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এদিকে পবিত্র রমজান উপলক্ষে শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। উদ্বোধন শেষে তিনি বিক্রয় স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে মানসম্মত খাদ্যসামগ্রী পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।



