জাতীয়

টিকা মজুদ থাকলেও ঢাকায় হামের টিকাদান শুরুতে বিলম্ব, সমন্বয়হীনতায় ক্ষোভ

মুক্তমন রিপোর্ট : দেশে হাম-এর প্রাদুর্ভাব বাড়তে থাকলেও রাজধানীতে বিশেষ টিকাদান কার্যক্রম শুরুতে বিলম্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। টিকা মজুদ থাকা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখনই ক্যাম্পেইন শুরু করতে পারছে না বলে জানা গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনসহ মোট চারটি সিটিতে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী ১২ এপ্রিল। ফলে শিশুদের টিকা পেতে আরও প্রায় পাঁচ দিন অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার দুই সিটিতেই নিয়মিত কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়-এর অনুমোদন ছাড়া এসব টিকা বিশেষ ক্যাম্পেইনে ব্যবহার করা যাচ্ছে না। মূলত মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এ বিলম্ব তৈরি হয়েছে।

ডিএনসিসির একটি সূত্র জানায়, ঈদের আগেই হামের প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা তারা বুঝতে পেরে বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছিল। তবে সে সময় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি তাদের।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য তাদের পর্যাপ্ত টিকা রয়েছে। কিন্তু বিশেষ ক্যাম্পেইনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।

অন্যদিকে, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান জানান, দক্ষিণ সিটিতে হামের রোগীর সংখ্যা তুলনামূলক কম। তাই হঠাৎ করে টিকাদান নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। তবে বড় পরিসরের ক্যাম্পেইনের জন্য বর্তমান মজুদ যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা কার্যক্রমে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। এতে চলমান কর্মসূচির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজির আহমেদ বলেন, বিশেষ ক্যাম্পেইনের সময় নিয়মিত টিকাদান সাময়িক বন্ধ রেখে সেই টিকাগুলোও ক্যাম্পেইনে ব্যবহার করা গেলে আরও বেশি শিশুকে দ্রুত টিকার আওতায় আনা সম্ভব হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button