উত্তরা প্রেস ক্লাব নির্বাচন: ভোটার তালিকা পেল নির্বাচন কমিশন, ভোট ২০ জুন


মুক্তমন রিপোর্ট: রাজধানীর ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত আটটি থানা এলাকার পেশাদার সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেস ক্লাব-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) রাত ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার সংলগ্ন একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়।
উত্তরা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির ও নির্বাচন কমিশনার মনির হোসেন জীবনের হাতে ভোটার তালিকা তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠন সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এবং সংসদীয় ঢাকা-১৮ আসাভুক্ত আটটি থানা এলাকার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন আগামী ২০ জুন ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন কমিশন বিশেষ কোনো সিদ্ধান্ত না নিলে পূর্বনির্ধারিত তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভোটার তালিকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, উত্তরা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন হবে।
প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির বলেন, “সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা কাজ করছি।”
নির্বাচন কমিশনার মনির হোসেন জীবন বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা হাতে পাওয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগিয়ে গেল। এখন পর্যায়ক্রমে তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।”
অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে অনেক সদস্য উচ্ছ্বাস প্রকাশ করেন।
সদস্যদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও সাংবাদিকবান্ধব নেতৃত্ব উঠে আসবে, যারা উত্তরার সাংবাদিক সমাজের উন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন।



