আইন-অপরাধ

খুলনায় র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

মুক্তমন রিপোর্ট : খুলনার ডুমুরিয়া উপজেলা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। এ সময় তার দেখানো তথ্য অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা।

রাতে তাকে নিয়ে পরিচালিত পৃথক অভিযানে তার বাড়ির ভেতর থেকে একটি দেশীয় তৈরি শর্টগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, সুজনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে আড়ংঘাটা থানা-তে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ গুরুতর অপরাধে জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button