হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহনে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়


মুক্তমন রিপোর্ট : হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীরা যেন কোনো হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় পড়ে নিষিদ্ধ পণ্য বহন না করেন। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়টি ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও উল্লেখ রয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, বিগত বছরগুলোতে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়ার ঘটনা ঘটেছে। বারবার সতর্ক করার পরও এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এতে তার হজ পালনও ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনকি হজ করার সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।



