চট্টগ্রামে নিত্যপণ্যের কারসাজির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মুক্তমন রিপোর্ট : ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন অভিযোগ করেন, সরকারের বাজার তদারকিতে নিয়োজিত সংস্থাগুলোর নীরবতার সুযোগ নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানীতেল নিয়ে কারসাজি করছে। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে অতিমুনাফা অর্জন করছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার করছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দেশে উৎপাদিত জ্বালানী থাকা সত্ত্বেও পেট্রোল পাম্প ও ডিপো মালিকদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে সরবরাহ সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, একটি মহল সরকারকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করছে। ফলে ব্যবসায়ীরা সুযোগ নিয়ে আবারও বাজারে অরাজকতা তৈরি করছে। তিনি দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে ক্যাব চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব ক্যাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



