চাঁপাইনবাবগঞ্জে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ


মুক্তমন রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাত ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গত তিন মাসে চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিভিন্ন অভিযানে ৪ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও ইলেকট্রনিক পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ৩,০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট। এছাড়া ১৬৯টি গরু ও ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গত তিন মাসে জব্দকৃত এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রেরক
ফরহাদ ইসলাম



