সারাদেশ

কবি জাহানারা মাহবুব স্মরণে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২৩ এপ্রিল ২০২৬: বাংলাদেশ পোয়েটস্ ক্লাব চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে প্রয়াত কবি জাহানারা মাহবুবকে স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল ছয়টায় চট্টগ্রামের মেহেদী বাগ এলাকায় সোনার বাংলা ফাউন্ডেশনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কবি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি সুপ্রিয় কুমার বড়ুয়ার সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের কো-চেয়ারম্যান কবি ড. শহীদুল্লাহ আনসারীর আহ্বানে উপস্থিত সবাই দাঁড়িয়ে প্রয়াত কবির বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুরা ফাতেহা ও সুরা এখলাস পাঠ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, কবি জাহানারা মাহবুব ছিলেন একজন নিভৃতচারী লেখক। তাঁর মৃত্যুতে সংগঠন একজন একনিষ্ঠ কর্মীকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের মহাপরিচালক কবি ড. সাহেদ মন্তাজ বলেন, কবি জাহানারা মাহবুবকে স্মরণ করে সাহিত্যচর্চাকে আরও বেগবান করতে হবে এবং লেখনী শক্তিকে সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ চিন্তক নূরুল আলম চৌধুরী, কবি ও প্রকাশক ডা. জান্নাতুল ফেরদৌসী (কৃষ্ণকলি) এবং লতিফা মোহাম্মদ। ডা. জান্নাতুল ফেরদৌসী তাঁর বক্তব্যে জানান, কবি জাহানারা মাহবুবকে নিয়ে একটি স্মারক গ্রন্থ বর্ণধারা প্রকাশনা থেকে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, মরহুমার সৃষ্টিকর্ম সংরক্ষণ ও প্রকাশে সাংগঠনিকভাবে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি তালুকদার হালিম, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি আব্দুল্লাহ আল মামুন, কবি মনির উদ্দিন নজরুল, কবি দীপিকা বড়ুয়া, কবি আফরোজা খান, কবি নাসরীন আরা, কবি হালিমা চৌধুরী, কবি নাজমা আক্তার ও কবি শরীফ নবাব হোসেন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কবির পুত্র মাহমুদুর রহমান এবং চাচাতো ভাই হানিফ মান্নান।

সভাপতির বক্তব্যে কবি মোহাম্মদ শাহ আলম জানান, এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার নিয়মিত কবিতা পাঠের আসর আয়োজন করা হবে, যাতে চট্টগ্রামের নবীন-প্রবীণ কবি-লেখকরা সাহিত্যচর্চায় আরও উৎসাহিত হন।

শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button