হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে: ত্রাণমন্ত্রী দুলু


সুনামগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, হাওরাঞ্চলের ভূমি অত্যন্ত উর্বর এবং এখানকার উৎপাদিত ধান দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হাওরবাসীর কল্যাণে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
মঙ্গলবার (৫ মে) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে আগামী তিন মাস কৃষক পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতেও এ কর্মসূচি চালু রাখার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, সহায়তা কার্যক্রম বাস্তবায়নে সঠিক তালিকা প্রণয়ন ও সময়মতো কৃষকের কাছে সহায়তা পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে তালিকা প্রস্তুতের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশীদ ইয়াসীন। তিনি বলেন, হাওরাঞ্চলের ফসল রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণ করা হবে। এর আওতায় পরিকল্পিত খনন, স্লুইসগেট নির্মাণ, আধুনিক হারভেস্টার সরবরাহ, চারা ও সার বিতরণ এবং কৃষিঋণ প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর বলেন, হাওরের ইকোসিস্টেম রক্ষা করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি, যাতে প্রতিবছর একই ধরনের দুর্যোগের পুনরাবৃত্তি না ঘটে।
এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার বলেন, হাওরাঞ্চলের কৃষক উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।
সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ত্রাণমন্ত্রী বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাস মেয়াদি মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



