জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

মুক্তমন রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থায়ন প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা পূরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এখন জরুরি।
রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধি বলেন, সীমিত জায়গায় অতিরিক্ত জনসংখ্যার কারণে শরণার্থীরা নানা সংকটে রয়েছে। এ বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণ কঠিন। তাই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজর এড়িয়ে না যায়। তিনি এ ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দেওয়ার জন্য জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় United Nations High Commissioner for Refugees-এর প্রতিনিধি আগামী ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান (JRP)’ উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকারের শুরুতে ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং মন্ত্রী তাঁকে স্বাগত জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button