বৃহত্তর উত্তরা

উত্তরখানের ৫৬ দুঃস্থ ও মানসিক রোগীর জন্ম নিবন্ধনে সহায়তা দিচ্ছে ডিএনসিসি

মুক্তমন রিপোর্ট : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় উত্তরখান এলাকার মিশনারিস অব চ্যারিটিতে সেবা গ্রহণকারী ৫৬ জন দুঃস্থ ও মানসিকভাবে অসুস্থ রোগীর জন্ম নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে চলছে।

প্রতিষ্ঠানটিতে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে আনা এসব রোগী বর্তমানে আশ্রয় ও চিকিৎসা সেবা পাচ্ছেন। তবে তাদের অনেকেরই পিতা-মাতা বা স্থায়ী ঠিকানাসহ প্রয়োজনীয় পরিচয় সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

মানবিক ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে চ্যারিটি কর্তৃপক্ষ ৫৬ জন রোগীর জন্ম নিবন্ধনের জন্য উত্তরখান, অঞ্চল-০৮, ডিএনসিসি নিবন্ধন অফিসে আবেদন করে।

পরবর্তীতে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে আবেদনগুলো যাচাই-বাছাই শেষে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। ইতোমধ্যে ৩২ জন রোগীর জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

ডিএনসিসি জানায়, মানবিক বিবেচনায় এ ধরনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে, যাতে অসহায় রোগীরা সরকারি সেবা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত না হন।

উল্লেখ্য, মিশনারিস অব চ্যারিটি একটি আন্তর্জাতিক মানবসেবামূলক প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে দরিদ্র, অনাথ ও অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button