জাতীয়

ঈদযাত্রায় ব্যাপক প্রস্তুতি সরকারের, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণেও এগোচ্ছে উদ্যোগ

মুক্তমন রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। একইসঙ্গে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) সচিবালয়ে ঈদযাত্রা প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে আগামী ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর কার্যালয়ে ২৪ ঘণ্টার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে মহাসড়কের যানবাহন চলাচল, অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ঘটনা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা কার্যক্রম মনিটরিং করা হবে।

তিনি জানান, রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়াসহ দেশের গুরুত্বপূর্ণ বাস টার্মিনালে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম কাজ করবে। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং পরিবহন খাতে অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ লক্ষ্যে বিআরটিএর ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরও ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের আগে ও পরে যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিআরটিসি দেশের বিভিন্ন রুটে বিশেষ ঈদ সার্ভিস চালু করবে এবং অতিরিক্ত বাস স্ট্যান্ডবাই রাখা হবে। এছাড়া যাত্রীচাপ বিবেচনায় মেট্রোরেলের চলাচলেও সমন্বয় আনা হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাপ্রবণ মহাসড়কে ব্লাইন্ড স্পট মিরর স্থাপন, ব্ল্যাক স্পট চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং চালকদের ডোপ টেস্ট কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে স্বাস্থ্য বিভাগের ১০টি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।

সভায় সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।”

এদিকে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটসহ তিনটি সম্ভাব্য প্রস্তাবনা বিবেচনায় রয়েছে এবং প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।”

সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, পরিবহন মালিক-শ্রমিক নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button