আইন-অপরাধ

নিকুঞ্জে সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: রাজধানীর নিকুঞ্জ এলাকায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হাসান রিয়াদকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। সোমবার রাত প্রায় ১১টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১২ নম্বর রোড থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, খিলক্ষেত থানার মামলা নং ২৩(১০)২৫-এর ভিত্তিতে অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করা হয়। একই সময় তার ঘনিষ্ঠ সহযোগী নবীন হোসেন আকাশকেও অপর একটি মামলায় আটক করা হয়েছে। আকাশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত নাজমুল হাসান রিয়াদ খিলক্ষেত টানপাড়া এলাকার আবুল হোসেন মাতাব্বরের ছেলে। তিনি একসময় ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ছিলেন। এছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, নিকুঞ্জ, টানপাড়া ও খিলক্ষেত এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাণিজ্য ও প্রভাব বিস্তারের সঙ্গে রিয়াদ ও তার অনুসারীরা জড়িত ছিলেন। বিশেষ করে নিকুঞ্জের ১৫ নম্বর রোডের একটি রাজনৈতিক কার্যালয়কে কেন্দ্র করে নানা অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ছিল।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, “রিয়াদ ও তার সহযোগীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন সাংবাদিক জিসাদ ইকবাল পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ওই হামলায় রিয়াদসহ কয়েকজন ছাত্রলীগ নেতা অংশ নেন। এতে গুরুতর আহত হন ওই সাংবাদিক।

ঘটনাটি সে সময় দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার সংগঠন হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগেও রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button