উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানীর উত্তরায় “মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে নয় দফা আমাদের প্রস্তাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ও এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
বৃহস্পতিবার দুপুরে উত্তরার সেক্টর-১৪ এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে হোসাইন মোহাম্মদ সেলিম বর্তমান বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিন ও মিয়ানমারের মতো অঞ্চলে নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে দেশে উগ্রবাদ, সাম্প্রদায়িক সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
উপস্থাপিত ৯ দফা প্রস্তাবনার মধ্যে ছিল— সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে বিচার ব্যবস্থার সংস্কার, উগ্রবাদ মোকাবিলায় সঠিক ধর্মীয় ব্যাখ্যা প্রচার, আন্তঃধর্মীয় সংলাপ জোরদার, একক শিক্ষাব্যবস্থা প্রবর্তন, জনগণবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে কর্পোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
তিনি উগ্রবাদকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ উল্লেখ করে বলেন, ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটি মোকাবিলায় ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা জরুরি।
এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, দেশের ৬০ জেলায় সংগঠনের কার্যক্রম রয়েছে এবং ২২৫টি থানায় সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।
বর্তমান সরকারের কাছে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটি মহল প্রতিপক্ষের ওপর দোষ চাপাচ্ছে। এ অবস্থায় সংগঠনের সদস্যদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পল্লী, ছাত্রকল্যাণ সম্পাদক মুখলেছুর রহমান, উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



