মুক্তমন রিপোর্টার : চট্টগ্রামের সাতকানিয়ায় অভ্যন্তরীণ বিরোধ মীমাংসার সময় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান উদ্দিন (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে। আটক রোহান উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, হামিম ও রোহান পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ববিরোধের জেরে তাদের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে হামিমকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ।
ছুরিকাঘাতের পর রোহান ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।